About us

Home

About Us

ইতিহাস সাক্ষ্য দেয়, প্রতিটি সভ্যতার প্রাণকেন্দ্র ছিল তার রাজধানী। মদীনা, বায়তুল মাকদিস, কায়রো, বাগদাদ, নিশাপুর, ইসফাহান, সমরকন্দ, দামেশক, কর্ডোভা, ইস্তাম্বুল, দিল্লি, সোনারগাঁও-এসব শহর কেবল ক্ষমতার কেন্দ্র নয়; বরং জ্ঞান, সংস্কৃতি ও সভ্যতার বিকাশের কেন্দ্রবিন্দু ছিল। ঢাকা সেই ঐতিহাসিক ধারারই উত্তরাধিকারী। বাংলা সালতানাত থেকে শুরু করে বর্তমান বাংলাদেশ পর্যন্ত, এই নগরী বাংলার ইতিহাস, সংস্কৃতি, অর্থনীতি ও রাজনৈতিক জীবনের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

 

তবুও আজ বিশ কোটি মানুষের দেশ বাংলাদেশের রাজধানী ঢাকা দ্রুত অপরিকল্পিত নগরায়ন, ঐতিহ্যের অবক্ষয় এবং স্মৃতির বিচ্ছিন্নতার ফলে ক্রমেই তার ঐতিহাসিক চরিত্র ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্য হারানোর ঝুঁকিতে রয়েছে। যে নগরী একসময় বাংলা সালতানাতের প্রাণকেন্দ্র ছিল, তাকে নতুন করে উপলব্ধি, সংরক্ষণ করা এবং ভবিষ্যতের জন্য বিনির্মাণ করা সময়ের জোরালো দাবি।

 

এই উপলব্ধি থেকেই ঢাকা ফোরাম অব থ্যট এন্ড সিভিলাইজেশন-এর সূচনা। আমরা ঢাকার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, নগরজীবন এবং সভ্যতাগত উত্তরাধিকার নিয়ে গবেষণা, সংলাপ ও জনসম্পৃক্ত উদ্যোগের মাধ্যমে এমন একটি বুদ্ধিবৃত্তিক পরিসর গড়ে তুলতে চাই, যেখানে অতীতের জ্ঞান, বর্তমানের বাস্তবতা এবং ভবিষ্যতের সম্ভাবনা একত্রিত হয়ে একটি অধিক সচেতন, মানবিক ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ ঢাকার ভিত্তি নির্মাণ করবে।